আপনি কি জানেন স্বাস্থ্যের জন্য সয়াবিন তেল কতটা ক্ষতিকর?

আপনি কি জানেন স্বাস্থ্যের জন্য সয়াবিন তেল কতটা ক্ষতিকর?
ট্রান্সফ্যাট, হৃদরোগের এক নিরব ঘাতক, বর্তমানে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। সাধারণত প্রক্রিয়াজাত খাবার যেমন কেক, পেস্ট্রি, বিস্কুট, তেলে ভাজা খাবারসহ আরও অনেক খাবারে এর উপস্থিতি দেখা যায়। কিন্তু সম্প্রতি প্রতিদিনের রান্নায় ব্যবহৃত সয়াবিন তেলেও এই ক্ষতিকর ট্রান্সফ্যাটের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে, এর আগে ট্রান্সফ্যাট কী সেটা জানলে বিষয়টি আরো স্পষ্ট হবে।
ট্রান্সফ্যাট মূলত এক ধরনের ক্ষতিকর চর্বি, যা রক্তের ভালো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। এবং রক্তে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা ধীরে ধীরে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ, প্রতিদিনের খাবারে ট্রান্সফ্যাটের উপস্থিতি দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে।
এখন সয়াবিন তেল নিয়ে সম্প্রতি হওয়া একটি গবেষণার ফলাফল জানা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইন্সটিটিউট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট পাবলিক হেলথ স্কুলের ১৩ জন গবেষক মিলে ২০২১ সালে দেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত বিভিন্ন ব্র্যান্ডের এবং নন-ব্র্যান্ডের সয়াবিন তেলের ১৫২১টি নমুনা সংগ্রহ করে গবেষণা করেন। সেই গবেষণার ফলাফলে জানা যায়, ৬৭% নমুনাতেই মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট উপস্থিত ছিল। অর্থাৎ, প্রতিদিনের রান্নায় সয়াবিন তেলের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ হৃদরোগের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি উপাদান গ্রহণ করছে।
এই শঙ্কাজনক পরিস্থিতি থেকে বাঁচার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কিন্তু যদি সয়াবিন তেলের প্রায় সকল নমুনায় ট্রান্সফ্যাট থাকে, তবে এর বিকল্প কী হবে? চিন্তার বিষয় হলেও, সয়াবিন তেলের কিছু নিরাপদ বিকল্প আমাদের সামনে রয়েছে, শুধু প্রয়োজন সচেতনতা।
রান্নার তেল হিসেবে সরিষার তেল একটি চমৎকার বিকল্প হতে পারে। ঘানিতে পেষণ করা একেবারে খাঁটি সরিষার তেল বহু পুরানো সময় থেকে রান্নার কাজে ব্যবহৃত হয়ে আসছে। এর পাশাপাশি খাঁটি ঘি অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। তবে এসব তেল ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এগুলোর প্রক্রিয়াজাতকরণ সঠিকভাবে হচ্ছে কিনা। কারণ, সয়াবিন তেলের উপর করা গবেষণায় দেখা গেছে, ভোজ্যতেল পরিশোধনের সময় উচ্চ তাপমাত্রা ব্যবহার করার ফলে এতে ট্রান্সফ্যাটের পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং, কোল্ড প্রেসড তেল বা কাঠের ঘানিতে পেষিত তেল তুলনামূলকভাবে নিরাপদ।










